June 6, 2026, 12:34 am

মানিকগঞ্জের সিংগাইরে ৫ বছরের শিশুকে পাশবিক নির্যাতন: প্রধান আসামি গ্রেপ্তার

শেখ খালিদ হাসান

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মতি বেপারী (৪৫)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৫ মে) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর থানার দেওঘাটা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মতি বেপারী সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে এক অন্তঃসত্ত্বা নারীকে বিয়ে করেন অভিযুক্ত। গত ১ মে রাত আনুমানিক ২টার দিকে স্ত্রীকে চেতনানাশক দিয়ে অচেতন করে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠে।

শিশুটির চিৎকারে মায়ের ঘুম ভেঙে গেলে তিনি ঘটনাটি জানতে পারেন। পরে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

এ ঘটনায় ৪ মে সিংগাইর থানায় মামলা দায়ের করেন শিশুটির মা। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযানে নামে এবং পরবর্তীতে গোয়েন্দা পুলিশের সহায়তায় আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও কঠোর আইন প্রয়োগ অত্যন্ত জরুরি।



error: Content is protected !!